সাংবাদিকদের গালিগালাজের অভিযোগ মোয়াজ্জেম চেয়ারম্যানের বিরুদ্ধে
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম
চাপাইনবয়াবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেমের বিরুদ্ধে তথ্য অধিকার আইনে আবেদন করাকে কেন্দ্র করে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে। একই পরিষদের হিসাবরক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে জন্মনিবন্ধনে অতিরিক্ত টাকা দাবি ও সাংবাদিকদের গালিগালাজের অভিযোগও উঠেছে।
জানা যায়, সরকারি অনুদানে নির্মিত বাড়ির বরাদ্দ ও সুবিধাভোগী নির্বাচনসংক্রান্ত তথ্য জানতে গত ১৫ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিল্লুর রহমানের কাছে তথ্য অধিকার আইনে আবেদন করেন জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ওলিউল্লাহ। ২৬ নভেম্বর পর্যন্ত প্রায় ৩০ কার্যদিবস পার হলেও চাহিদা অনুযায়ী তথ্য পাওয়া যায়নি ।
তথ্য চাওয়ার বিষয়টি জানতে পেরে চেয়ারম্যান মোয়াজ্জেম সাংবাদিকদের গালিগালাজ করেন।
প্রশ্ন উঠেছে, ইউএনওর কাছে করা তথ্যপ্রাপ্তির আবেদন চেয়ারম্যান কীভাবে জানতে পারলেন? বিষয়টি ইউএনওকে জানানো হলে তিনি চেয়ারম্যানকে সাক্ষাতে ডেকে কথা বলে জানাবেন বলেন । তবে পরবর্তী যোগাযোগেও সন্তোষজনক বক্তব্য পাওয়া যায়নি। পরে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গীকে জানালে তিনি বিষয়টি লিখিত জানাতে বলেন ।
এদিকে, ইউনিয়ন পরিষদের হিসাবরক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে জন্মনিবন্ধন করতে আসা এক সেবা গ্রহীতার কাছে ৩ হাজার টাকা দাবি করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, পরে ১ হাজার টাকা দিয়ে জন্মনিবন্ধন করিয়ে নেন। ওই হিসাবরক্ষকের বিরুদ্ধেও সাংবাদিকদের গালিগালাজের অভিযোগ রয়েছে।
ঘটনার নিন্দা জানিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাদিকুল ইসলাম ও আড্ডা বাজার বণিক সমিতির সভাপতি সাংবাদিকদের সঙ্গে এমন আচরণের নিন্দা জানান। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।