ঘিওরে শহীদ জিয়া স্মৃতি নকআউট হা-ডু-ডু টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হলে মহিষ, রানার্সআপ ষাঁড়; ফাইনালে উঠলো কুস্তা সংঘ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪২ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
চ্যাম্পিয়ন হলে মিলবে মহিষ, রানার্সআপের পুরস্কার ষাঁড় । এমন আকর্ষণীয় পুরস্কার ঘিরে মানিকগঞ্জের ঘিওরে জমে উঠেছে শহীদ জিয়া স্মৃতি নকআউট হা-ডু-ডু টুর্নামেন্ট-২০২৬ । প্রথম সেমিফাইনালে ২ পয়েন্টের ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে উঠেছে কুস্তা আল-আমিন সংঘ ।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ঘিওর সরকারি কলেজ মাঠে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় কুস্তা আল-আমিন সংঘ ও সিংজুরী রামেশ্বর পট্টি যুব সংঘ । প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ২ পয়েন্টে জয় তুলে নেয় কুস্তা আল-আমিন সংঘ । ফলে ফাইনালে খেলার সুযোগ নিশ্চিত করেছে দলটির ।
মাদকমুক্ত সমাজ গঠন ও গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাকে জনপ্রিয় করার প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর ঘিওর উপজেলা শাখার উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ।
খেলায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের সহধর্মিণী শায়লা কবীর ।
টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের অন্যতম নেতা মো. আমির হামজা পিন্টু, জেলা কৃষক দলের সহ-সভাপতি মোঃ আঃ খালেক শিকদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আল-মামুন ভূঁইয়া, আয়োজক কমিটির সদস্যসচিব মো. শওকত আলী খান, অর্থ কমিটির আহ্বায়ক মো. মিজানুর রহমান খান কুদরত, শৃঙ্খলা কমিটির আহ্বায়ক মো. হাবিব ইব্রাহীম খান সাগর, মঞ্চ কমিটির আহ্বায়ক সবুজ বেপারীসহ আয়োজক কমিটির অন্য সদস্যরা ।
আয়োজকেরা জানান, তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ।
আবহাওয়ার কারণে পিছিয়ে যায় সেমিফাইনাল দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে টুর্নামেন্টের প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল পূর্বনির্ধারিত ২১ ও ২২ নভেম্বরের পরিবর্তে ২৭ ও ২৮ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে । আয়োজক কমিটির জরুরি বিজ্ঞপ্তিতে এ সময়সূচি পরিবর্তনের কথা জানানো হয় । পরিবর্তিত সূচি অনুযায়ী শুক্রবার প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে এবং দ্বিতীয় সেমিফাইনাল শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ।
আয়োজকেরা নতুন সময়সূচি অনুযায়ী খেলোয়াড়, সমর্থক ও ক্রীড়াপ্রেমীদের মাঠে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছিলেন ।