চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ২০

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রাম নগরে জুমার নামাজের পর ঝটিকা মিছিল বের করার চেষ্টা করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে মিছিল শুরুর আগেই পুলিশ ও বিএনপিপন্থি সংগঠনের নেতাকর্মীদের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টার দিকে নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষে ছাত্রলীগের একদল নেতাকর্মী সিনেমা প্যালেস এলাকায় জড়ো হয়ে মিছিল বের করার প্রস্তুতি নেন। এ সময় আগে থেকে সেখানে অবস্থান নেওয়া পুলিশ ও ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। ধাওয়ার মুখে মিছিলকারীরা আশপাশের বিভিন্ন অলিগলিতে ছড়িয়ে পড়েন। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ওই এলাকায় মিছিল করার চেষ্টা করেছিলেন। তবে পুলিশের আগাম অবস্থানের কারণে তারা মিছিল করতে পারেননি। পরে অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। তিনি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com