মীরসরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ কর্মী গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের পৃথক মামলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মীরসরাই ও জোরারগঞ্জ থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, মীরসরাই থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন মায়ানী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ইমাম হোসেন ইমাম (২৩), ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. সাইফুল ইসলাম (৪৩), ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়ন যুবলীগের সদস্য মো. নূর মোস্তফা (৪৩), সাহেরখালী ইউনিয়ন ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন তুহিন (২৩) এবং মঘাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির ওরফে সুখচাঁন (৬০)।
অন্যদিকে, জোরারগঞ্জ থানা-পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের আব্দুল্লাহ আল ইমরান (২৪) ও রাকিব আলম (২৩) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, দুই থানার অভিযানে গ্রেপ্তার সাতজনকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।