শেরপুরে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন প্রায় ৫০০ নারী

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম

তৌহিদুর রহমান, শেরপুর প্রতিনিধি:-

‎নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে শেরপুরে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ ম্যারাথনে শিক্ষার্থী, কর্মজীবী নারী ও গৃহিণীসহ বিভিন্ন বয়সের প্রায় ৫০০ নারী অংশগ্রহণ করেন।

‎সকাল ৬টা ১৫ মিনিটে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম থেকে পতাকা সংকেতের মাধ্যমে ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ম্যারাথনটি অষ্টমীতলা, শেরীব্রীজ মোড়, জেলা পরিষদ, সোনার বাংলা বাসস্ট্যান্ড ও শেরপুর সরকারি কলেজ মোড় হয়ে প্রায় ৬ কিলোমিটার পথ অতিক্রম করে ডিসি উদ্যানে গিয়ে শেষ হয়।

‎এ সময় জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর রায়, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‎ম্যারাথন শেষে ডিসি উদ্যানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য দেন সংরক্ষিত নারী আসন-১৫-এর মনোনীত সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

‎পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা নৈপুণ্য প্রদর্শনকারী ২৫ জন প্রতিযোগীকে সম্মাননা পদক দেওয়া হয়। পাশাপাশি শীর্ষ ১০ জনের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার। জেলা পরিষদের সৌজন্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে একটি করে বাইসাইকেল প্রদান করা হয়। এছাড়া চতুর্থ স্থান অধিকারীকেও মিজ্‌ রাজিয়া সামাদ ডালিয়ার পক্ষ থেকে একটি বাইসাইকেল দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

‎অনুষ্ঠানে অতিথিরা বলেন, নারীর শারীরিক ও মানসিক সুস্থতা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সমাজের সর্বক্ষেত্রে নারীর নিরাপদ ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ভবিষ্যতে সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে ক্রিকেট টুর্নামেন্টের পাশাপাশি পুরুষদের জন্যও ম্যারাথন আয়োজনের পরিকল্পনার কথা জানান।

‎অনুষ্ঠানের সফল সমাপ্তিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জন, স্থানীয় বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com