মহালছড়ির সিদ্ধিলাভী বন বিহারে বর্ণাঢ্য পুণ্যানুষ্ঠান, উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাধবী মার্মা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পিএম
মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি:
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি চিত্রকুমার কার্বারী পাড়ার সিদ্ধিলাভী বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নানা পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সিদ্ধিলাভী বন বিহার পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দানসহ বিভিন্ন ধর্মীয় পুণ্যকর্মের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩৪-এর সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সিদ্ধিলাভী বন বিহার পরিচালনা কমিটির সভাপতি নীলাপদ চাকমা, বিভিন্ন এলাকার দায়ক-দায়িকা, ধর্মপ্রাণ বৌদ্ধ সম্প্রদায়ের নারী-পুরুষ, সাংবাদিক, পুলিশ প্রশাসনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ধর্মীয় এ আয়োজনকে ঘিরে বিহার প্রাঙ্গণে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপস্থিতিতে এক আনন্দঘন ও পুণ্যময় পরিবেশের সৃষ্টি হয়।