মাদকমুক্ত সমাজ গড়তে মীরগঞ্জে জনসভা, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩২ পিএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

"মাদকমুক্ত সমাজ, সুস্থ সুন্দর বাংলাদেশ" — এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জের মীরগঞ্জ বাজারে জনসচেতনতামূলক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বাদ মাগরিব মীরগঞ্জ হাটের কাপড়হাটি শেড ঘরে মীরগঞ্জ বাজার দোকান মালিক সমিতির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় সভাপতিত্ব করেন মীরগঞ্জ বাজার দোকান মালিক সমিতির সভাপতি মো. মাহফুজার রহমান মিন্টু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ঈফফাত জাহান তুলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা।

এছাড়াও উপস্থিত ছিলেন আরেফিন মিডিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক ও সরোবর পার্ক এন্ড রিসোর্ট সেন্টারের উদ্যোক্তা মো. আরেফিন আজিজ সরদার সিন্টু এবং মীরগঞ্জ বাজার দোকান মালিক সমিতির সম্পাদক ডা. মো. আতাউর রহমান মুকুলসহ বাজারের ব্যবসায়ী, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জনসভায় বক্তারা বলেন, মাদক, জুয়া, চাঁদাবাজি ও কিশোর গ্যাং আজ সমাজের সবচেয়ে বড় শত্রু। একটি পরিবারকে ধ্বংস করতে একটা মাদকাসক্ত সন্তানই যথেষ্ট। মাদক শুধু একজন যুবককে নষ্ট করে না, পুরো পরিবার, বাজার এবং সমাজকে অন্ধকারে ঠেলে দেয়।

বক্তারা আরও বলেন, "সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে আসুন, ঐক্যবদ্ধ হই" — এটা শুধু স্লোগান নয়, এটা এখন সময়ের দাবি। মাদক ব্যবসায়ী যত বড়ই হোক, তাকে সামাজিকভাবে বয়কট করতে হবে। নিজের সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে, মোবাইলে কী করে — প্রতিটি অভিভাবককে খেয়াল রাখতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে আছে। ব্যবসায়ী ও সাধারণ মানুষ তথ্য দিয়ে সহযোগিতা করলে কোনো অপরাধীই পার পাবে না।

বিশেষ অতিথির বক্তব্যে সুন্দরগঞ্জ থানার ওসি মো. সেলিম রেজা বলেন, মাদক, জুয়া, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানা পুলিশ সর্বদা মাঠে আছে। দিন-রাত অভিযান চলছে। ইতোমধ্যে অনেক মাদক ব্যবসায়ী ও জুয়াড়িকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। তিনি বলেন, আপনারা ভয় পাবেন না, তথ্য দিন — পুলিশ আপনাদের পাশে আছে। পরিচয় গোপন রেখেও তথ্য দেওয়া যাবে।

জনসভা শেষে মাদক, জুয়া, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত মীরগঞ্জ গড়তে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com