গঙ্গাচড়ায় পৃথক মামলায় স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) ভোরে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের মটুকপুরে নিজ বাড়ি থেকে শাহাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরদিন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি বাজার থেকে মমিনুর রহমানকে এবং রাতে নোহালী ইউনিয়নের এতিমখানা মোড় এলাকা থেকে মোসলেম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নোহালী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মোসলেম উদ্দিন (৪১), আলমবিদিতর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মমিনুর রহমান (৪২) এবং উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মো. শাহাজুল ইসলাম ওরফে সাজু মিয়া (৩৫)।
পুলিশ জানায়, মোসলেম উদ্দিন ও মমিনুর রহমানকে ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর গঙ্গাচড়া মডেল থানায় দায়ের করা ২৮ নম্বর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(ঈ), ৮, ৯(৩), ১০ ও ১২ ধারায় অভিযোগ রয়েছে।
অন্যদিকে, শাহাজুল ইসলামকে ২০২৬ সালের ১০ নভেম্বর দায়ের করা ৮ নম্বর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩ ও ৪ ধারায় মামলা রয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, ‘তিনজনকে পৃথক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
আরও পড়ুন
প্রয়াস প্রতিবন্ধী স্কুলের কল্যাণে ৩০ নভেম্বর শুরু হচ্ছে গ্রামীণ ও কুটির শিল্প মেলা
জাতীয় প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় প্রথম কুবি শিক্ষার্থী সুপ্রতীক
গঙ্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী রিয়াজ হাওলাদারের নির্বাচনী প্রচারণা শুরু, আলোচনায় পারিবারিক আদর্শ ও জনসম্পৃক্ততা