প্রয়াস প্রতিবন্ধী স্কুলের কল্যাণে ৩০ নভেম্বর শুরু হচ্ছে গ্রামীণ ও কুটির শিল্প মেলা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি

​সকল জল্পনা-কল্পনা ও দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রংপুরের ঘাঘট সেনা প্রয়াস পার্ক প্রাঙ্গণে আগামী ৩০ নভেম্বর বিকেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হতে যাচ্ছে ‘রংপুর গ্রামীণ ও কুটির শিল্প মেলা’। উদ্বোধনী অনুষ্ঠানে ক্লোজআপ ওয়ান চ্যাম্পিয়ন, জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমাসহ দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও চলচ্চিত্র ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। মেলা পরিচালনা ও দরপত্রের মাধ্যমে উপার্জিত সমুদয় অর্থ স্থানীয় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিষ্ঠান ‘প্রয়াস প্রতিবন্ধী স্কুল’-এর উন্নয়ন এবং শিশুদের সার্বিক কল্যাণে ব্যয় করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

​আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, প্রায় চার মাস আগে থেকেই এই মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে শুরুতে বিদ্যুৎ বিভ্রাট ও দেশের সামগ্রিক পরিস্থিতিসহ নানা সংকটের কারণে মেলার কার্যক্রম কিছুটা বিলম্বিত হয়। এ ছাড়া শুরুতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অনুমতি না মিললেও পরবর্তীতে উচ্চ আদালতে আইনি লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ থেকে মেলা আয়োজনের চূড়ান্ত অনুমতি লাভ করেন আয়োজকরা। এর পাশাপাশি রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি), স্থানীয় সকল ব্যবসায়ী সংগঠন এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সার্বিক পরামর্শ ও বিধিমালা মেনে মেলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

​সেনাবেষ্টনী ও সেনা নিয়ন্ত্রিত এলাকা হওয়ায় মেলায় আগত দর্শনার্থীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত থাকবে। সরেজমিনে দেখা গেছে, মেলার সৌন্দর্য বৃদ্ধি ও দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে পারাপারের জন্য দুটি দৃষ্টিনন্দন সেতু নির্মাণ করা হয়েছে। প্রবেশমুখে রয়েছে আধুনিক স্থাপত্যশৈলীর গেট এবং মেলাজুড়ে করা হয়েছে মনোরম আলোকসজ্জা। নিরাপত্তার স্বার্থে পুরো মেলা প্রাঙ্গণ সিসি ক্যামেরা দ্বারা নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দর্শনার্থীদের সহযোগিতায় দায়িত্ব পালন করবেন নিয়োজিত ভলান্টিয়ার ও সিকিউরিটি গার্ড।

​এ ছাড়া দর্শনার্থীদের সুবিধার্থে সুবিশাল গাড়ি পার্কিং, সুনির্দিষ্ট নামাজ ঘর এবং নারী ও পুরুষদের জন্য পৃথক টয়লেটের সুব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইভটিজিং বা যেকোনো ধরনের oহয়রানি রোধে জিরো টলারেন্স নীতি ও সর্বোচ্চ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। মেলায় শিশু ও কিশোরদের বিনোদনের জন্য থাকছে বিভিন্ন আধুনিক রাইডস, নাগরদোলা ও সার্কাসের আয়োজন। পাশাপাশি স্থান পাচ্ছে গ্রামীণ কুটির শিল্পের ঐতিহ্যবাহী সামগ্রী, নিত্যপ্রয়োজনীয় পণ্য, কসমেটিকস, আধুনিক পোশাকের রকমারি স্টল ও সাংস্কৃতিক প্রদর্শনী।

​তবে মেলা আয়োজনের খবর প্রকাশের পর থেকেই একটি স্বার্থান্বেষী মহল এটি নিয়ে বিভ্রান্তিকর ও অপপ্রচার ছড়াচ্ছে বলে অভিযোগ তুলেছেন আয়োজকরা। এ বিষয়ে আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়, “মেলা নিয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আমরা কথা দিচ্ছি, মেলায় কোনো অশালীন বা অনৈতিক কর্মকাণ্ড হতে দেওয়া হবে না। সকল নিয়মকানুন ও সামাজিকভাবে শতভাগ সুস্থ পরিবেশ বজায় রেখেই মেলা পরিচালিত হবে।”

​এই মহৎ উদ্যোগকে সফল করতে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার এবং রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের পাশে থাকা এবং সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। তারা আরও বলেন, “যেহেতু এই মেলার আয় স্থানীয় প্রয়াস প্রতিবন্ধী স্কুলের শিশুদের কল্যাণে ব্যয় হবে, তাই এটি রংপুরবাসীর জন্য একটি গর্বের ও মানবিক উদ্যোগ। এই সামাজিক উদ্যোগকে এগিয়ে নিতে আমরা প্রশাসন ও স্থানীয় প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ সর্বস্তরের সাংবাদিক ভাইদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সকল অপপ্রচারে কান না দিয়ে সন্তান ও পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে মেলায় আসার জন্য আমরা রংপুরবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি।”

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com