চট্টগ্রামে পুলিশ বক্সসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ সিএমপির
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম নগরের ট্রাফিক পুলিশ বক্সসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার নিরাপত্তা জোরদার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সম্প্রতি এলজিইডি ভবন ও ভূমি অফিসসহ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনার পর এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী গণমাধ্যমকে বলেন, পুলিশ বক্সের নিরাপত্তা জোরদার এবং সরকারি-বেসরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের নিয়মিত কাজ। নগরের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদস্যদের সব সময় প্রস্তুত রাখা হয়েছে।
সিএমপি সূত্র জানায়, এলজিইডি ভবন ও চান্দগাঁও ভূমি অফিসে হামলার পর নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।
এর আগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাঁচলাইশ আবাসিক এলাকার পৈতৃক নিবাস, এলজিইডি ভবন ও চান্দগাঁও ভূমি অফিস লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে। এসব ঘটনায় মামলা হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব নিয়েছেন শামসুল হক। সম্প্রতি ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের প্রধান হিসেবে পদায়ন করা হয়।
দায়িত্ব গ্রহণের পর শামসুল হক গণমাধ্যমকে বলেন, ডিসেম্বর ঘিরে কোনো আশঙ্কা নেই। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।
অন্যদিকে শুক্রবার জুমার নামাজের পর নগরের কোতোয়ালি থানার মুসাফিরখানা মসজিদ থেকে আওয়ামী লীগের অনুসারীরা একটি মিছিল বের করেন। পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীরা তিনটি সড়ক দিয়ে ছত্রভঙ্গ হয়ে যান। এ ঘটনায় ২০ জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।