সীতাকুণ্ডে বোরকা পরে গ্যাস কারখানায় ডাকাতি, লুট ২০ লাখ টাকার মালামাল
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রামের সীতাকুণ্ডে বোরকা পরে ছদ্মবেশে একটি গ্যাস কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পাঁচ নিরাপত্তাকর্মীকে বেঁধে নগদ পাঁচ লাখ টাকা ও প্রায় ২০ লাখ টাকা মূল্যের তামার তার লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামের সাগর উপকূলবর্তী ইউরো গ্যাস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
কারখানা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বোরকা পরা ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল দেশি-বিদেশি অস্ত্র নিয়ে কারখানায় প্রবেশ করে। এ সময় দায়িত্বে থাকা পাঁচ নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে তারা। পরে কারখানার অফিসকক্ষ ও স্টোররুমে তল্লাশি চালিয়ে প্রায় দুই থেকে আড়াই টন তামার তার এবং নগদ পাঁচ লাখ টাকা লুট করে পালিয়ে যায়।
ইউরো গ্যাস লিমিটেডের ব্যবস্থাপক মো. তৌহিদ জানান, লুট হওয়া তামার তারের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খবর পেয়ে শিল্প পুলিশ ও সীতাকুণ্ড মডেল থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারখানার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চার থেকে পাঁচজনকে বোরকা পরা অবস্থায় দেখা গেছে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।