নওগাঁয় চালককে হত্যা করে অটো চার্জার ভ্যান ছিনতাই
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১১:১৪ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় সিয়াম হোসেন (১৬) নামে এক কিশোর ভ্যান চালককে হত্যা করে চার্জার ব্যাটারী চালিত অটো ভ্যান ছিনতাই করার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে উপজেলার দোডাঙ্গী গ্রামের বাঁশঝাড় থেকে ভ্যান চালক সিয়াম হোসেন এর মৃতদেহ উদ্ধার করেন। নিহত কিশোর ভ্যান চালক সিয়াম হোসেন নওগাঁর মান্দা উপজেলার চকউমেদ পশ্চিমপাড়া গ্রামের সবজি ব্যবসায়ী নজরুল ইসলাম এর ছেলে।
নিহতের বাবা নজরুল ইসলাম ও তার পরিবারের স্বজনরা জানান, গতকাল বৃহস্পতিবার সকালে অটো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় সিয়াম হোসেন। রাতে বাড়িতে না ফেরার কারনে নিহতের বাবা ও পরিবারের লোকজনরা বিভিন্ন ভাবে খোঁজাখুজি শুরু করেন।
এর মাঝে আজ শুক্রবার সকালে দোডাঙ্গী গ্রামের একটি বাঁশঝাড়ে একজন কিশোর এর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা মান্দা থানা পুলিশে খবর দেয় এমন খবর পেয়ে সিয়াম হোসেন এর বাবা নজরুল ইসলাম ও স্বজনরাও ঘটনাস্থলে পৌছে তারা মৃতদেহটি সিয়াম হোসেন এর বলে শনাক্ত করেন। নিহতের স্বজন সহ লোকজনের ধারনা, দূর্বৃত্তরা সিয়াম হোসেনকে হত্যা করে তার চার্জার ব্যাটারী চালিত অটো ভ্যান ও মোবাইল ফোন নিয়ে গেছে।
এবিষয়ে, মান্দা থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরই থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রথমে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।