স্বর্ণ, রৌপ্যসহ ছয় পদক জিতলেন হাবিপ্রবি কারাতেকা খেলোয়াড়রা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:০১ পিএম

নুরুজ্জানান, হাবিপ্রবি প্রতিনিধি 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতা ২০২৬-২৭-এ অংশ নিয়ে স্বর্ণ, রৌপ্য ও তাম্রপদক জিতেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কারাতে দলের ৬ জন। প্রতিযোগিতায় অংশগ্রহণের দ্বিতীয় বছরেই এই সাফল্য পেয়েছে দলটি।

শুক্রবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় হাবিপ্রবির ছয় সদস্যের দলে ছিলেন ইংরেজি বিভাগের খনাশ্রী সরকার (২৪ ব্যাচ), কৃষি অনুষদের তাহমিদা মারজান (২১ব্যাচ), পরিসংখ্যান বিভাগের মো. অলিউর রহমান (২৩ ব্যাচ), ইসিই বিভাগের মো. শাহরিয়ার হাসান (২০ ব্যাচ) এবং পদার্থবিজ্ঞান বিভাগের তৌফিক আহমেদ (২৬ ব্যাচ) ও গহন ইসলাম স্পন্দন (২৬ ব্যাচ) ।

খনাশ্রী সরকার ৫০ কেজি ওজন শ্রেণিতে কুমিতে স্বর্ণপদক এবং কাতায় তাম্রপদক জেতেন। ৪৫ কেজি ওজন শ্রেণীতে তাহমিদা মারজান ও ৬০ কেজিতে অলিউর রহমান কুমিতে রৌপ্য পদক অর্জন করেন। শাহরিয়ার হাসান ৬৮ কেজি ওজন শ্রেণিতে কাতা ও কুমিতে তাম্র পদক জেতেন । এছাড়াও ৫০ কেজি ওজন শ্রেণীতে তৌফিক আহমেদ এবং ৪৫ কেজি ওজন শ্রেণীতে গহন ইসলাম স্পন্দন কুমিতে তাম্র পদক পান।

দলের কোচ ও হাবিপ্রবি কারাতে দোজোর ইন্সট্রাক্টর লাভরাজ আচার্য বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। তাদের সহযোগিতা পেলে ক্যারাতে টিম আরও সাফল্য অর্জন করে বিশ্ববিদ্যালয়ের নাম সমুন্নত করতে পারবে।"

দলের ম্যানেজার হিসেবে ছিলেন শারীরিক শিক্ষা শাখার পরিচালক মো. মাহবুব আল হাসান।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com