তিন দিনের সাজা, কারাগারে এক ঘণ্টাও নয়! আদালতের দণ্ডের পরই মুক্ত ভূমি অফিসের কর্মচারী
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পিএম
সঞ্জু বনিক সৌরভ, জেলা প্রতিনিধি, পঞ্চগড়:
পঞ্চগড়ে মাদক মামলায় আদালতের দেওয়া তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশের পর কারাগারে পাঠানো হলেও প্রায় এক ঘণ্টার মধ্যেই মুক্ত হয়ে বেরিয়ে আসার অভিযোগ উঠেছে এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে। আদালতের সাজা কার্যকর হওয়ার পর এত দ্রুত কীভাবে তিনি মুক্তি পেলেন, তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
মুক্তি পাওয়া ওই কর্মচারীর নাম রিয়াজুল ইসলাম। তিনি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়ন ভূমি অফিসে অফিস সহায়ক হিসেবে কর্মরত। আদালতের আদেশে সাজাপ্রাপ্ত হওয়ার দিনেই কারাগার থেকে মুক্তি পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন রিয়াজুল। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাকে মুক্তি দিয়েছে, আমি চলে এসেছি।’ তবে মুক্তির বিষয়ে দায় আদালতের ওপর চাপিয়েছেন তিনি।
অন্যদিকে, জেলা কারাগার কর্তৃপক্ষের দাবি, কারাবিধি অনুসরণ করেই তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট ব্যক্তি ও তাঁর পরিবারের পক্ষ থেকে আড়ালে থাকলেও প্রায় ২২ দিন পর বিষয়টি জানাজানি হয়। আদালতের দেওয়া সাজা ভোগ না করেই একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির মুক্তি পাওয়ার ঘটনায় জনমনে বিস্ময়ের সৃষ্টি হয়েছে।
থানাপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর বুধবার রাতে পঞ্চগড় বিসিক শিল্পনগরী এলাকায় মাদক সেবন করছিলেন রিয়াজুল ইসলাম ও তাঁর সহযোগী নুর আলম। এ সময় স্থানীয় মাদকবিরোধী কমিটির সদস্যরা তাঁদের মাদকসহ হাতেনাতে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পঞ্চগড় সদর থানা পুলিশ দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
পরদিন সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ায় তাঁদের পঞ্চগড় চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় অপরাধের দায়ে রিয়াজুল ইসলাম ও নুর আলমকে প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
আদালতের আদেশের পর তাঁদের পঞ্চগড় জেলা কারাগারে পাঠানো হয়। কিন্তু কারাগারে প্রবেশের কিছুক্ষণের মধ্যেই দুজনের মুক্তি পাওয়ার বিষয়টি নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।
এ বিষয়ে পঞ্চগড় জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। তবে মুঠোফোনে তিনি জানান, কারাবিধি অনুযায়ী কোনো আসামির মুক্তির নির্ধারিত দিন ছুটির দিন হলে ছুটির আগের দিন তাঁকে মুক্তি দেওয়া যেতে পারে।
অন্যদিকে, পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন জানান, ভূমি অফিসের ওই কর্মচারীর মাদকসংক্রান্ত ঘটনার বিষয়ে তিনি অবগত নন। তবে তিনি সাজাপ্রাপ্ত হয়ে থাকলে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।