সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সন্দেহভাজন আসামি, তিন মামলার তথ্য পুলিশের

কলাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১০:০১ পিএম

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মো. সাদ্দাম সিকদারকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। তিনি কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করে মহিপুর থানা পুলিশ। সাদ্দাম ওই ওয়ার্ডের বাসিন্দা আব্দুল লতিফ সিকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর মহিপুর থানায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তে সাদ্দাম সিকদারকে সন্দেহভাজন আসামি হিসেবে শনাক্ত করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মহিপুর থানা পুলিশ আরও জানায়, সাদ্দাম সিকদারের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাদ্দাম সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।”

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com