কালাইয়ে জলাবদ্ধতা নিরসনে ৫০ কোটি টাকার প্রকল্প, পাইপ দিয়ে সরানো হবে মাঠের পানি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের কালাই উপজেলায় কৃষিজমির দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে প্রায় ৫০ কোটি টাকার একটি স্থায়ী প্রকল্প গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে সাময়িক সমাধান হিসেবে মাঠের জমে থাকা পানি পাইপের মাধ্যমে পাশের বড় খালে নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
শনিবার বিকেলে উপজেলার চাকলমুয়া গ্রামে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ফসলের মাঠ পরিদর্শনকালে এসব কথা বলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, জলাবদ্ধতার কারণে কৃষকেরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাঠের পানি সরাতে নতুন খাল খনন ও বিদ্যমান খালগুলো পরিষ্কার করা হবে। এ ছাড়া যেসব এলাকায় খাল নেই, সেখানে পাইপের মাধ্যমে পানি বড় খালে ফেলার ব্যবস্থা করা হবে।
সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
কৃষি ও কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে পরিকল্পিতভাবে ৫০ কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
এ সময় প্রতিমন্ত্রীর সহধর্মিণী নাজমা আরা বারী, কালাই থানার ওসি সাইদুল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীমসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে স্থানীয় কৃষকেরা দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ তুলে ধরে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।