ময়মনসিংহস্থ নেত্রকোনা সমিতির সভাপতি ডা. আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক ডা. এমদাদুল্লাহ খান

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৮ পিএম

রিপন কান্তি গুণ, নেত্রকোনা;

ময়মনসিংহস্থ নেত্রকোনা সমিতির নতুন নেতৃত্বে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এমপি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. এমদাদ উল্লাহ খান।

ময়মনসিংহ নগরীর কালিবাড়ি রোডস্থ সোহাগ পার্টি সেন্টারে অনুষ্ঠিত সাধারণ সভা ও নির্বাচনে উপস্থিত সদস্যদের সর্বসম্মত অনুমোদনে দুই বছর মেয়াদি ৭১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়।

নির্বাচন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, বিশিষ্ট সমাজসেবক ও প্রান্ত ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের নির্বাহী পরিচালক মনসুর আলম চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠানে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক মিজানুর রহমান টিটু।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নতুন কমিটির সব কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করা হয়। উপস্থিত সদস্যদের মধ্যে নতুন নেতৃত্বকে স্বাগত জানানো হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম নতুন সভাপতি, সাধারণ সম্পাদকসহ নির্বাচিত সব কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তারা আশা করেন, নতুন নেতৃত্বের সমন্বিত উদ্যোগে নেত্রকোনা সমিতি–ময়মনসিংহ আঞ্চলিক সংহতি, সামাজিক কল্যাণ ও উন্নয়ন কার্যক্রমে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নেত্রকোনা সমিতি–ময়মনসিংহ মূলত নেত্রকোনার বাসিন্দা, শিক্ষাবিদ, চিকিৎসক, ব্যবসায়ী, সমাজসেবক ও বিভিন্ন পেশাজীবীদের নিয়ে ময়মনসিংহে গঠিত একটি সামাজিক সংগঠন। নতুন কমিটির লক্ষ্য থাকবে সদস্যদের মধ্যে সংহতি জোরদার, দুস্থ ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো, শিক্ষা-স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে সহায়তা এবং নেত্রকোনা ও ময়মনসিংহ অঞ্চলের সাধারণ কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ।

সংসদ সদস্য ডা. আনোয়ারুল হক নেত্রকোনা-২ আসনের প্রতিনিধি এবং তিনি নেত্রকোনা জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করছেন। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, সদস্য সংখ্যা বৃদ্ধি এবং অঞ্চলভিত্তিক কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে এগোবে বলে প্রত্যাশা করা করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com