কুষ্টিয়া সীমান্তে নিরাপত্তার নতুন কৌশল, দ্বিগুণ টহলে তৎপর ৪৭ বিজিবি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম
তানভীর আজাদ | কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সীমান্তকে নিরাপদ রাখতে বহুমুখী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, মাদক চোরাচালান, নাশকতা ও দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। দিন-রাত সমান তৎপরতায় দায়িত্ব পালন করছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) সদস্যরা।
সীমান্তের ৪৬ কিলোমিটার এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে সার্চলাইট ও এলইডি লাইট। রাতের অন্ধকারে সীমান্তের গতিবিধি পর্যবেক্ষণে এসব আলোর পাশাপাশি ড্রোন ব্যবহার করে আকাশপথেও নজরদারি চালানো হচ্ছে। সন্দেহজনক চলাচল ঠেকাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির নিজস্ব তৎপরতার পাশাপাশি স্থানীয় জনগণকেও সম্পৃক্ত করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় রাতের পাহারা, মাইকিং এবং জনসচেতনতামূলক সভার মাধ্যমে সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন করা হচ্ছে। সীমান্তের নিরাপত্তায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাকে গুরুত্ব দিচ্ছে বিজিবি।
এদিকে চলতি নভেম্বর মাসে সীমান্তে অভিযান চালিয়ে মানব ও মাদক কারবারে জড়িত সাতজনকে আটক করেছে বিজিবি। একই সময়ে দুই কোটি ১৬ লাখ ৯৩ হাজার ৭৭৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, নাশকতা ও অপরাধমূলক অপতৎপরতা প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ধরনের টহল, গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সীমান্ত সুরক্ষায় প্রযুক্তির ব্যবহার, বাড়তি টহল এবং স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে কুষ্টিয়া সীমান্তে অপরাধ প্রতিরোধে কাজ করছে ৪৭ বিজিবি।