সিংগাইরে বিএনপি নেতার ওপর হামলার জেরে ছাত্রলীগ নেতার বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পিএম

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে বিএনপি নেতার ওপর হামলার জেরে ছাত্রলীগ নেতার বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের কানাইনগর (নীলটেক) এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে সায়েস্তা ইউনিয়নের কানাইনগর গ্রামের ছাত্রলীগ নেতা শহিদুল একই গ্রামের বাসিন্দা ও উপজেলা বিএনপির সাবেক ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক গাজী ইউনুস আলীর ওপর হামলা চালান। এতে ইউনুস আলী গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনার জের ধরে ক্ষুব্ধ বিএনপি নেতা গাজী ইউনুস আলী গংরা ছাত্রলীগ নেতা শহিদুলের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এরপর থেকে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com