টেকনাফে সিএনজি থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পিএম
মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। তবে অভিযানের সময় কাউকে আটক করা যায়নি।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে টেকনাফ থানার দমদমিয়া এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালান।
কোস্ট গার্ডের পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. শাহাদাত হোসেন নাঈমের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানের একপর্যায়ে সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা ইয়াবা ও সিএনজির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
মাদক পাচার ও বিস্তার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।