পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখমের জেরে সাবেক এমপিসহ ১০ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পিএম
বিশেষ প্রতিনিধি :
নেত্রকোনার পূর্বধলায় উপজেলা যুবদলের এক নেতাকে কুপিয়ে জখম করার ঘটনাকে কেন্দ্র করে সাবেক সংসদ সদস্যসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অন্তত ১০ নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বাদেপুটিকা বাজার এলাকায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বকর রানাকে কুপিয়ে জখম করা হয়। এর জেরে রাত ১০টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় পাল্টা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে প্রায় ২০টি মোটরসাইকেলে করে নেতাকর্মীরা উপজেলার জালশুকা রেলক্রসিং এলাকা থেকে বের হন। তারা বিশকাকুনী ইউনিয়নের যাত্রাবাড়ী, সরিস্তলা ও বাদেপুটিকা বাজার এলাকায় যান। বাদেপুটিকা বাজারে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের বাধা দেন। এ সময় সংঘর্ষের একপর্যায়ে আবু বকর রানার ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয় বলে জানা গেছে।
যুবদল নেতার ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা একত্র হন। রাত ১০টার দিকে বিশকাকুনী ইউনিয়নের বড়রুহি এলাকায় যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিকের বাড়িতে আগুন দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের ধলা যাত্রাবাড়ী গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া আহমদ হোসেনের বড় ভাই ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের বাবা আমজাদ হোসেনের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়।
পর্যায়ক্রমে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শুভর বাড়ি ও পুটিকা বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল বাশার খানের বাড়ি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আমানুর রশিদ খান জুয়েলের বাড়ি, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডা. ওয়াহিদুর রহমান ছোটনের বাড়ি, উপজেলা চেয়ারম্যান এরশাদ হোসেন মালুর বাড়ি, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফয়জুর রহমান ঝন্টুর বাড়ি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির মাসুদ খান ফাহিমের বাড়ি এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিনের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সব মিলিয়ে অন্তত ১০টি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার তথ্য পাওয়া গেছে।
অগ্নিসংযোগের সময় সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের ভাতিজা ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সহোদর ভাই সাখাওয়াত হোসেন শাকু ঘরের ভেতরে বাথরুমে আটকা পড়েন। পরে আগুনে দগ্ধ অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠান।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রাতে জানান, যুবদল নেতার ওপর অতর্কিত হামলার কারণে এসব ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় উপজেলার বিভিন্ন এলাকায় থমথমে অবস্থা ও আতঙ্ক বিরাজ করছে।