গঙ্গাচড়ার আলদাদপুর কাচারিপাড়া মহাশ্মশানে তপন কুমার রায়ের ব্যক্তিগত উদ্যোগে টিন অনুদান
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১০:১২ পিএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলদাদপুর কাচারিপাড়া মহাশ্মশানের উন্নয়নে ব্যক্তিগত তহবিল থেকে টিন অনুদান দিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের গঙ্গাচড়া উপজেলা সভাপতি বাবু তপন কুমার রায়।
শনিবার (২৮ নভেম্বর) তিনি মহাশ্মশান কর্তৃপক্ষের কাছে এ অনুদান হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন আলদাদপুর কাচারিপাড়া মহাশ্মশান কমিটির সভাপতি শ্রী বকুল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক শ্রী চিত্ত অধিকারী, সহ-সভাপতি শ্রী সনাতন রায় এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বেতগাড়ী ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী খোকন চন্দ্র রায়সহ সংগঠন ও শ্মশান কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
অনুদান প্রদানকালে বাবু তপন কুমার রায় বলেন, “আমি আপনাদের সুখে-দুঃখে সব সময় পাশে আছি। ধর্মীয় অনুষ্ঠান, মন্দির, হরিসভা ও শ্মশানের উন্নয়নে আমার সহযোগিতা অব্যাহত থাকবে। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত।”
তাঁর এ উদ্যোগকে মহাশ্মশানের উন্নয়নে একটি ইতিবাচক সহযোগিতা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ব্যক্তিগত উদ্যোগে এ ধরনের অনুদান ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।