নানা কর্মসূচিতে খুকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের বর্ষপূর্তি উদ্‌যাপন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পিএম

নাজমুস সাকিব, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

প্রতিষ্ঠার এক বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) ল্যাঙ্গুয়েজ ক্লাব। এ উপলক্ষে শুক্রবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে আলোচনা, স্মৃতিচারণ, কুইজ, সাংস্কৃতিক পরিবেশনা ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সদস্য আরাফাত হোসেন। শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রুম্মান। তিনি বলেন, "শূন্য থেকে শুরু হওয়া আমাদের এই যাত্রা আজ এক বছরে পা দিয়েছে, যা সবার সম্মিলিত প্রচেষ্টারই ফসল। শিক্ষার্থীদের জড়তা কাটিয়ে ভাষাগত ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে আমরা শুরু থেকেই কাজ করে যাচ্ছি। আগামীতে আরও বড় পরিসরে বিভিন্ন কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজন করে ক্লাবকে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা সংগঠনে পরিণত করাই আমাদের লক্ষ্য।"

এরপর প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লাবের প্রতিষ্ঠার পর থেকে এক বছরের পথচলা, বিভিন্ন কার্যক্রম, অর্জন ও অভিজ্ঞতা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে বক্তব্য দেন পূজা রায় ও আনিকা আহমেদ। ক্লাবের অগ্রযাত্রার প্রশংসা করে উপদেষ্টা পূজা রায় বলেন, "একটি নতুন সংগঠনের জন্য প্রথম বছরটি সবসময়ই চ্যালেঞ্জিং, কিন্তু ল্যাঙ্গুয়েজ ক্লাব অত্যন্ত সফলতার সাথে সেই পথ পাড়ি দিয়েছে। একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও উপস্থাপন শৈলী বিকাশে এই ক্লাবের কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।"

আরেক উপদেষ্টা আনিকা আহমেদ বলেন, "বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে যোগ্য করে তুলতে ভাষাগত দক্ষতা ও কার্যকর যোগাযোগের কোনো বিকল্প নেই। ল্যাঙ্গুয়েজ ক্লাব শিক্ষার্থীদের সেই প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে। আশা করি, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং শিক্ষার্থীরা এখান থেকে সর্বোচ্চ উপকৃত হবে।"

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আঞ্চলিক ভাষায় শিক্ষক-শিক্ষার্থীদের কথোপকথন পর্ব। এতে অংশগ্রহণকারীদের মধ্যে এক প্রাণবন্ত ও হাস্যরসাত্মক পরিবেশের সৃষ্টি হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সাংস্কৃতিক পর্বে মনোমুগ্ধকর গান পরিবেশন করেন আকাশ ও কাওসার। এ ছাড়া ক্লাবের নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে আগ্রহীদের মধ্যে জয়েনিং ফরম বিতরণ এবং অংশগ্রহণকারীদের মাঝে স্ন্যাকস পরিবেশন করা হয়।

সবশেষে সমাপনী বক্তব্য দেন ক্লাবের সভাপতি আবরার বিন মেজবাহ। তিনি বলেন, "আমাদের এক বছরের এই পথচলায় শিক্ষক, উপদেষ্টা ও সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। ভাষার সীমাবদ্ধতা দূর করে শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বগুণ ও সৃজনশীলতা বিকাশই আমাদের মূল উদ্দেশ্য। সবাইকে সাথে নিয়ে আমরা খুকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাবকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই।" তার সমাপনী বক্তব্যের মধ্য দিয়েই দিনব্যাপী এই আয়োজনের সফল সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ নভেম্বর খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি, যোগাযোগ সক্ষমতা উন্নয়ন এবং সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ তৈরিতে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com