নোবিপ্রবিতে ভুয়া কোটায় ভর্তি প্রশাসনের তদন্তেও মিলেছে সত্যতা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৯ পিএম

মোঃ জাহিদ হাসান, নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ভুয়া দলিত-হরিজন সনদ ব্যবহার করে আইন বিভাগে ভর্তির অভিযোগের সত্যতা পেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি। সরেজমিন তদন্তে অনিয়মের বিষয়টি প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন এবং পূর্বে ইস্যু করা সনদটি বাতিল ঘোষণা করেছেন।

গত ১৯ নভেম্বর তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে।

গত ১২ই অক্টোবর ২০২৬ তারিখে জাগো নিউজ ‘চৌকিদারের সুপারিশ মেধা তালিকায় ২৭ হাজার তম হয়েও হরিজন সনদে আইনে ভর্তি ’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত করে। সংবাদটি প্রকাশের পর বিষয়টি আমলে নিয়ে গত ১ নভেম্বর ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. আশরাফুল আলম। কমিটির অপর দুই সদস্য হলেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের অধ্যাপক ড. আশিকুর রহমান খান এবং আইসিটি সেলের সহকারী কম্পিউটার প্রোগ্রামার মো. জানে আলম।

তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আশরাফুল আলম জাগো নিউজকে বলেন, সংবাদ প্রকাশের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেয়। আমরা বিষয়টি খতিয়ে দেখতে সরেজমিনে সংশ্লিষ্ট এলাকায় (চর কিং ইউনিয়ন) উপস্থিত হই। সেখানে ইউপি চেয়ারম্যান ও সকল ইউপি সদস্যদের উপস্থিতিতে আমরা কথা বলি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাইম উদ্দিন আহমেদ উক্ত সার্টিফিকেট ভুলে দিয়েছেন বলে তদন্ত কমিটির সদস্যদের জানান এবং উক্ত  ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। সকল ইউপি মেম্বারদের উপস্থিতিতে চেয়ারম্যান নাইম উদ্দিন পূর্বের ইস্যুকৃত সার্টিফিকেটটি বাতিল ঘোষনা করেন। সুতরাং তদন্তে  আমরা ভুয়া সার্টিফিকেট বানিয়ে ভর্তি হওয়ার সত্যতা পেয়েছি।

তিনি আরও জানান, তদন্ত শেষে গত ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রশাসন পরবর্তী পদক্ষেপ নেবে।

ঘটনার প্রেক্ষাপট:

উল্লেখ্য, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে ২৭ হাজার ৯৯০তম মেধাক্রম নিয়েও দলিত-হরিজন কোটার সুবিধায় নোবিপ্রবির আইন বিভাগে ভর্তি হন আতিকুর রহমান নামের এক শিক্ষার্থী। অথচ সাধারণ মেধাতালিকায় বিভাগটিতে ভর্তির সুযোগ শেষ হয়েছিল ৪৫৪তম মেধাক্রমে।

অনুসন্ধানে জানা গিয়েছিল, ভর্তির নির্ধারিত সময়ের ঠিক আগে ২০২৬ সালের ১০ মে হাতিয়ার চর কিং ইউনিয়ন পরিষদ থেকে এবং ৯ জুন উপজেলা প্রশাসন থেকে দলিত-হরিজন সম্প্রদায়ভুক্তির সনদ সংগ্রহ করেন আতিকুর। ইউপি চেয়ারম্যান নাঈম উদ্দিন আহমেদ স্থানীয় এক চৌকিদারের সুপারিশে সনদটি দিয়েছিলেন বলে স্বীকার করেছিলেন এবং সেই সনদের ভিত্তিতেই প্রত্যয়নপত্র দিয়েছিল উপজেলা প্রশাসন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, আতিকুরের পরিবার আর্থিকভাবে সচ্ছল এবং তারা দলিত বা হরিজন সম্প্রদায়ের নন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ক্যাম্পাসজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতেই তদন্তে নামে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com