রংপুর ও কুড়িগ্রামে এসআরবি-১৩-এর অভিযান: ৬৭৩ পিস ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১২ পিএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি
রংপুর ও কুড়িগ্রামে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৭৩ পিস ইয়াবা ও ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রংপুরের পীরগঞ্জ থানার উল্লাগাড়ী (জেনজীর পাড়া) এলাকার মৃত তসলিম উদ্দিনের ছেলে মো. আব্দুল মালেক (৩০) এবং কুড়িগ্রামের ফুলবাড়ী থানার বিদ্যাবাগীশ গ্রামের আব্দুল হাইয়ের স্ত্রী মোছা. আনজুমান আরা খাতুন (৪০)।
এসআরবি-১৩ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ নভেম্বর রাত ৮টা ১৫ মিনিটে রংপুরের মিঠাপুকুর থানার শাল্টিগোপালপুর গ্রামে অভিযান চালায় সিপিএসসি, এসআরবি-১৩-এর একটি আভিযানিক দল। এ সময় আব্দুল মালেকের দেহ তল্লাশি করে ৩৭৮ পিস ইয়াবা ও ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, একই আভিযানিক দল ২৮ নভেম্বর ভোর ৬টা ১৫ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী থানার বিদ্যাবাগীশ গ্রামে আনজুমান আরা খাতুনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষের খাটের তোশকের নিচ থেকে ২৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকেও গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৩ আরও জানায়, এ ঘটনায় ব্যাটালিয়নের পক্ষ থেকে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা মাদকদ্রব্যসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী অধিনায়কের পক্ষে এ তথ্য নিশ্চিত করেছেন।