সীমান্তবর্তী চা বাগানের ভোটকেন্দ্রে ৫৫ বিজিবির কঠোর নিরাপত্তা ও নজরদারি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম

হবিগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (বাচাশ্রই)-এর ত্রিবার্ষিক নির্বাচন-২০২৬ উপলক্ষে সীমান্তবর্তী চা বাগান এলাকার ভোটকেন্দ্রগুলোতে কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে দেশের পাঁচটি জেলার ২৩০টি চা বাগানে একযোগে ভোটগ্রহণ চলে।

নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত চা বাগান এলাকার ভোটকেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলে। হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী মাধবপুর ও চুনারুঘাট এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার চা বাগানগুলোতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, অবৈধ অনুপ্রবেশ কিংবা আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রোধে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করেন।

৫৫ বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী চা বাগান এলাকায় নিয়মিত টহল, পর্যবেক্ষণ এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে এই নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সীমান্তের নিরাপত্তা অক্ষুণ্ণ রেখে চা শ্রমিকরা যেন শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই কাজ করছে বাহিনীটি।

বিজিবি আরও জানায়, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটগ্রহণ শেষ হওয়ার পর ভোট গণনাকালীন সময়েও সীমান্ত এলাকায় এই সার্বক্ষণিক নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে। অবৈধ সীমান্ত পারাপার ও যেকোনো নাশকতামূলক তৎপরতা প্রতিরোধে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com