লালমনিরহাটে চলছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম
হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট
প্রতি বছরের মতো এবারেও লালমনিরহাট কালেক্টরেট মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়েছে। এতে লালমনিরহাটসহ পাশ্ববর্তী জেলা থেকে আগত প্রায় অর্ধ লাখ ধর্মপ্রাণ মুসল্লীর সমাগম হয়েছে। ইজতেমা ময়দানে অংশ নেওয়া মুসল্লিদের স্বাস্থ্যসেবা দিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের ব্যবস্থা রয়েছে।
শুক্রবার সকাল ১১টায় জেলা কালেক্টরেট মাঠের দক্ষিণ পাশে মেরিন্স বাংলাদেশের আয়োজনে এবং যমুনা ক্লিনিক ও নিরাময় ক্লিনিকের সহযোগিতায় ওই চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান। চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক।
ইজতেমায় আসা মুসল্লিদের অনেকে অসুস্থ হয়ে পড়েন। তাদের চিকিৎসাসেবা দিতে বিনামূল্যে এ মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।
লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েল গত ১৫ বছর ধরে এ ধরনের চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে আসছেন বলে জানা গেছে।
অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ভিপি আনিছ, নিরাময় ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলম এবং যমুনা ক্লিনিকের পরিচালক আলহাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।