সড়ক দুর্ঘটনা কেড়ে নিল বেরোবি শিক্ষার্থীর প্রাণ!

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম

রুশাইদ আহমেদ, বেরোবি:

রংপুরে বিভাগীয় ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাড়ি ফিরছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী মো. আফিক হাসান অভি। তবে বাড়ি পৌঁছানো আর হয়নি তাঁর। শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে নগরীর দর্শনা মোড়ে সড়ক দুর্ঘটনা কেড়ে নেয় বিশ্ববিদ্যালয়টির ম্যানেজমেন্ট ইনফর্মেশন সিস্টেমস বিভাগের এই শিক্ষার্থীর প্রাণ। তিনি বিভাগটির ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অধ্যয়ন করছিলেন। তাঁর বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর বিভাগীয় ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন অভি। পথিমধ্যে শহরের দর্শনা মোড় এলাকায় অবস্থিত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বাড়ির সামনে পৌঁছালে বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান ও পিকআপের মাঝখানে পিষ্ট হন অভি। পরে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অভির মরদেহ নিয়ে আসা হলে শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁর সহপাঠীরা শেষবারের মতো তাকে বিদায় জানান। সেখান হতে বিকাল ৫টার দিকে তাঁর নিজ বাড়িতে মরদেহ নিয়ে যাওয়া হয় শেষকৃত্যের জন্য।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইসমাঈল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা অভির মৃত্যুর ঘটনায় খুবই মর্মাহত। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া, দুর্ঘটনায় জড়িত এক ট্রাকচালককে আটক করে হাজিরহাট থানায় রাখা হয়েছে।

এ বিষয়ে, তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আমরা ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নিয়েছি। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

অভির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়। তাঁর সহপাঠী ও বন্ধুরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশের পাশাপাশি দুর্ঘটনার জন্য দায়ী চালকদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন। 

অভির বিষয়ে তাঁর সহপাঠী এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, বন্ধু কিংবা সহপাঠী হিসেবে অভি খুবই মিশুক এবং প্রাণচঞ্চল ছিল। সে সকলের সঙ্গে মিশতো। ক্রিকেট, ব্যাডমিন্টন বা অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিত। ভালো গানও গাইত। ওর এই অকালপ্রয়াণে যে শূন্যতার তৈরি হলো, তা পূরণ হওয়ার নয়। আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুন -- এই কামনা করি।

‎অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আলামিন প্রামানিক বলেন, বন্ধু অভির হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে। গাড়িটি আটক হলেও হত্যাকারী চালক এখনো পলাতক। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর বিরুদ্ধে আমাদের অবশ্যই কঠোর হতে হবে।

এদিকে, অভির মৃত্যুতে শোক জানিয়ে বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, একজন তরুণ শিক্ষার্থীর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাঁর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার একজন সম্ভাবনাময় শিক্ষার্থীকে হারাল। উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া, এ ধরনের অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com