রংপুর প্রেসক্লাব মার্কেটের সামনে ককটেলসদৃশ বস্তু, ঘিরে আতঙ্ক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পিএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি
মোটরসাইকেলে এসে বস্তুটি ফেলে যায় দুই ব্যক্তি, সিসিটিভি ফুটেজে শনাক্তের চেষ্টা
রংপুর নগরীর প্রেসক্লাব বিপণিবিতান মার্কেটের প্রধান ফটকের সামনে রশি দিয়ে মোড়ানো একটি ককটেলসদৃশ বস্তু ফেলে যায় দুর্বৃত্তরা। রোববার (২৯ নভেম্বর) সকালে এ ঘটনা জানাজানি হলে প্রেসক্লাব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা বস্তুটি উদ্ধার করে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শী হকারদের ভাষ্য, সকাল ৭টার দিকে চলন্ত একটি মোটরসাইকেল থেকে মার্কেটের প্রধান ফটকের দিকে বস্তুটি ছুড়ে ফেলে দুই ব্যক্তি। এরপর দ্রুত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে তারা।
খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) ও এসআরবি-১৩-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। নিরাপত্তার স্বার্থে বস্তুটি একটি বালতিতে পানির মধ্যে রাখা হয়। এ সময় সেখানে উৎসুক মানুষের ভিড় জমে।
প্রাথমিকভাবে বস্তুটি ককটেল বা হাতবোমা বলে ধারণা করা হলেও এর প্রকৃত ধরন সম্পর্কে নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে বেলা ১১টার দিকে এসআরবি-১৩-এর বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি নিরাপদে নিষ্ক্রিয় করার জন্য উদ্ধার করে নিয়ে যায়।
এসআরবি-১৩-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান বলেন, উদ্ধার করা বস্তুটির ভেতরে কী রয়েছে, তা বোমা নিষ্ক্রিয়কারী দলের পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। বস্তুটি নিরাপদে নিষ্ক্রিয় করার চেষ্টা করা হবে।
বস্তুটি কী ধরনের এবং বিস্ফোরিত হলে কী ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি। তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষার পরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এর আগে কোনো মন্তব্য করতে চান না তিনি।
ঘটনাস্থল পরিদর্শন করে আরপিএমপির উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে রংপুর প্রেসক্লাব মার্কেটের সামনে বস্তুটি রেখে চলে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সেটিকে নিরাপত্তার আওতায় নিয়ে আসে। এ সময় এসআরবি-১৩-এর একটি নিয়মিত টহল দলও ঘটনাস্থলে উপস্থিত হয়।
তিনি আরও বলেন, মোটরসাইকেলে আসা ব্যক্তিদের এখনো শনাক্ত করা যায়নি। তবে এলাকাটি সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাঁদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশের তদন্ত শুরু হয়েছে।