রংপুরে কমিটি নিয়ে বিরোধে রণক্ষেত্র পূজা পরিষদের সম্মেলন, আহত ৩০

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পিএম

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি

আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে উত্তেজনা, পাল্টাপাল্টি দোষারোপ; ভাঙচুরের পর পণ্ড অনুষ্ঠান

রংপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা ও মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে সংঘর্ষ, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টা ধরে চলে ধাওয়া-পাল্টাধাওয়া। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একপর্যায়ে পণ্ড হয়ে যায় সম্মেলন।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে নগরীর রংপুর স্টেডিয়ামের ইনডোর জিমনেসিয়ামে এ ঘটনা ঘটে। সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। ঘটনার পর সম্মেলনস্থল ও আশপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরুর পর কেন্দ্রীয় নেতারা আসন গ্রহণ করতেই একদল লোক সেখানে প্রবেশ করে। এ সময় সম্মেলনের ব্যানার ছিঁড়ে ফেলা এবং চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়সহ জেলা ও মহানগর পর্যায়ের একাধিক নেতা হামলার শিকার হন। সম্মেলনে উপস্থিত জেলা কমিটির সভাপতি রামজীবন কুন্ডুকেও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

সংঘর্ষের একপর্যায়ে সম্মেলনের প্রধান অতিথি ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় তাঁকেও লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। পরে বেলা সাড়ে ১২টার দিকে সম্মেলন পণ্ড হয়ে যায়। ঢাকা থেকে আসা কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

সম্মেলন ঘিরে বিরোধের কেন্দ্রে ছিল নতুন কমিটি গঠন এবং তাতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্তির অভিযোগ। বিক্ষুব্ধ পক্ষের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক নেতা ও সমর্থকদের আবারও পূজা উদযাপন পরিষদের নেতৃত্বে আনার চেষ্টা চলছিল। এ নিয়ে ক্ষুব্ধ সদস্যরা প্রতিবাদ জানাতে গেলে পরিস্থিতির অবনতি ঘটে।

রংপুর মহানগর যুবদলের নেতারাও আওয়ামী লীগের নেতাদের পুনর্বাসনের অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, বিষয়টি জানতে পেরে সাধারণ নেতাকর্মীরা সম্মেলনস্থলে যান। তবে তাঁরা হামলা, ভাঙচুর কিংবা মারামারিতে জড়িত ছিলেন না।

অন্যদিকে, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে সম্মেলন পণ্ড করতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। তাঁর অভিযোগ, বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতার নেতৃত্বে এ ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, পূজা উদযাপন পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। কারও বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ থাকলে তা যথাযথ প্রক্রিয়ায় যাচাই করা যেতে পারে। কিন্তু একটি সংগঠনের সম্মেলনে বাধা দেওয়ার অধিকার কারও নেই।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রামজীবন কুন্ডুর বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও তোলা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর যুবদলের মহানগর আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সদস্যসচিব আতিকুল ইসলাম লেলিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। তাঁদের ভাষ্য, সম্মেলনে আওয়ামী লীগের কয়েকজন নেতাকে নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে সাধারণ নেতাকর্মীরা সেখানে গিয়ে প্রতিবাদ জানান। তাঁরা কোনো হামলা বা ভাঙচুরের সঙ্গে জড়িত নন। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

এদিকে ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়সহ বিক্ষুব্ধ পক্ষের কয়েকজন নেতা পাল্টা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, অনেক সদস্যকে না জানিয়ে গোপনে সম্মেলনের আয়োজন করা হয়েছিল। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নিয়ে নতুন কমিটি গঠনের উদ্যোগের কারণেই সাধারণ সনাতনীরা প্রতিবাদ জানান। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে সংগঠনের নেতৃত্বে থাকা ব্যক্তিদের ভূমিকা নিয়েও সদস্যদের মধ্যে অসন্তোষ রয়েছে।

অন্যদিকে সন্তোষ শর্মার দাবি, সংগঠনের নেতৃত্ব পরিবর্তন বা কমিটি গঠনের বিষয়টি সংগঠনের নিজস্ব সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হওয়ার কথা। বাইরে থেকে চাপ সৃষ্টি করে সম্মেলন বন্ধ করে দেওয়া গ্রহণযোগ্য নয়।

ঘটনার পর পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে সংগঠনের কয়েকজন নেতা রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে যান। তাঁরা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ জানান, কমিটি গঠন নিয়ে দুই পক্ষের বিরোধ থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com