সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করতে ক্ষেতলালে ৩ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সরিষার আবাদ বৃদ্ধি ও উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৩ হাজার ২০০ জন প্রান্তিক কৃষক এই সরকারি প্রণোদনার আওতায় আসছেন।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় তালিকাভুক্ত প্রত্যেক কৃষককে ১ কেজি করে উন্নত জাতের সরিষার বীজ এবং ২০ কেজি করে সার দেওয়া হচ্ছে। সারের মধ্যে রয়েছে ১০ কেজি ইউরিয়া ও ১০ কেজি পটাশ (এমওপি)।

এরই ধারাবাহিকতায় আজ উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রান্তিক কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হচ্ছে। আর আগামীকাল ক্ষেতলাল পৌর এলাকার কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সময়মতো বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ অনেকটাই কমে আসবে। সরকারের এই সময়োপযোগী উদ্যোগ সরিষা চাষে কৃষকদের আরও আগ্রহী করে তুলবে এবং উপজেলার সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com