পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ছে, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১.১ ডিগ্রিতে

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:৩৩ এএম

সঞ্জু বনিক সৌরভ, জেলা প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড় | ২৯ নভেম্বর ২০২৬

উত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই জেঁকে বসছে শীত। তাপমাত্রা কমে চলতি মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। এতে জেলার জনজীবনে শীতের প্রভাব বাড়তে শুরু করেছে। বিশেষ করে ভোর ও রাতে হিমেল বাতাসে শীতের অনুভূতি তীব্র হচ্ছে।

রবিবার (২৯ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এ মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। গত কয়েক দিনের তুলনায় এটিই সর্বনিম্ন তাপমাত্রা। চলতি বছরেও এখন পর্যন্ত এটিই সর্বনিম্ন।

সকালে ঠান্ডা বাতাসের কারণে মানুষের স্বাভাবিক কর্মচাঞ্চল্য কিছুটা ব্যাহত হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলছে। রোদের উষ্ণতায় দিনের কিছুটা সময় স্বস্তি থাকলেও সন্ধ্যার পর থেকে দ্রুত কমছে তাপমাত্রা। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত কনকনে ঠান্ডা বাতাসে শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে।

শীতের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদে ভোরেই কাজে বের হতে হচ্ছে চা শ্রমিক, দিনমজুর, পাথর ও বালুশ্রমিক এবং ভ্যানচালকদের। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে ছিন্নমূল ও দরিদ্র পরিবারগুলোর দুর্ভোগও বাড়ছে।

এদিকে শীতের শুরুতেই সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টসহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগের ঝুঁকি দেখা দিয়েছে। হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের স্বাস্থ্য সুরক্ষায় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন স্থানীয় চিকিৎসকরা।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড়ে আগেভাগেই শীতের প্রভাব পড়ে। উত্তর-পশ্চিম দিক থেকে আসা শীতল বায়ুপ্রবাহ এবং রাতের আকাশ পরিষ্কার থাকায় তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com