চমেক হাসপাতালের রান্নাঘরে ইঁদুর-তেলাপোকার উপদ্রব, পচা ডিম; ঠিকাদারের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:৩৭ এএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের রোগীদের খাবার তৈরির রান্নাঘরে অভিযান চালিয়ে চরম অব্যবস্থাপনা ও নানা অনিয়মের প্রমাণ পেয়েছে নিরাপদ খাদ্য অধিদপ্তর। রান্নাঘরে ইঁদুর-তেলাপোকার উপদ্রব, খোলা অবস্থায় রাখা ভাত-ডাল, পচা ডিম এবং ক্ষতিকর উপাদানযুক্ত হলুদের গুঁড়া পাওয়া গেছে।

এসব অনিয়মের ঘটনায় খাবার সরবরাহের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানের এক কর্মচারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে হাসপাতালের খাদ্য বিভাগে অভিযান চালিয়ে এসব অনিয়মের প্রমাণ পান নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

অভিযানকালে দেখা যায়, রান্না করা ভাত ও ডাল খোলা অবস্থায় রাখা হয়েছে। এসব খাবারের ওপর মাছি ও পোকামাকড় বসছিল। রান্নাঘরের বিভিন্ন স্থানে ইঁদুর ও তেলাপোকার অবাধ বিচরণ ছিল। রোগীদের পরিবেশনের জন্য রাখা সিদ্ধ ডিমের মধ্যেও পাওয়া যায় পচা ডিম।

এ ছাড়া রান্নায় ব্যবহৃত হলুদের গুঁড়ায় পলিথিন ও মাকড়সার জালের অস্তিত্ব পাওয়া যায়। প্রাথমিক পরীক্ষায় এতে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর লেড সল্টের উপস্থিতিও শনাক্ত হয়।

নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা ফরহাদ ইসলাম জানান, হাসপাতালের রোগীদের খাবার তৈরিতে চরম অব্যবস্থাপনা এবং স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ উপাদানের ব্যবহার পাওয়া গেছে। এসব ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রতিষ্ঠানের এক প্রতিনিধিকে পুলিশ হেফাজতে নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com