চট্টগ্রামে ঢাকা মেইল ট্রেনের বগিতে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:৫৫ এএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটি দেওয়ানহাট ইয়ার্ড থেকে চট্টগ্রাম রেলস্টেশনে যাওয়ার পথে কদমতলী এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা একটি বগির জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে মারে। এতে বগির দুটি আসনে আগুন ধরে যায়। এ সময় ট্রেনে কোনো যাত্রী ছিলেন না।
চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার পরপরই রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুই-এক মিনিটের মধ্যে তা নিভিয়ে ফেলেন। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। নির্ধারিত সময়েই ট্রেনটি স্টেশন ছেড়ে গেছে।
রেলওয়ে সূত্র জানায়, রাত পৌনে ১২টার দিকে ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশন ছেড়ে যায়।
এদিকে, ট্রেনের বগিতে আগুন দেওয়ার খবর পেয়ে রেলওয়ে পুলিশের সদস্যরা স্টেশন এলাকায় ট্রেনটি পরিদর্শন করেন। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।