সারাদেশে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন ও মৌন মিছিল
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম
যবিপ্রবি প্রতিনিধি: রাকিবুল হাসান
সাম্প্রতিক সময়ে সারাদেশে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাবলির প্রতিবাদ, উদ্বেগজনক পরিস্থিতির নিরসন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মানববন্ধন ও মৌন মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। দেশে নিরাপদ,শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার আহ্বানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণভাবে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনাবলির প্রতিবাদ জানান এবং পরিস্থিতি মোকাবিলায় সম্মিলিত সচেতনতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক হয়ে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবন প্রদক্ষিণ করে।
পরে মিছিলটি পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তরপ্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর, উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান উপস্থিত থেকে এ শান্তিপূর্ণ প্রতিবাদ ও সচেতনতামূলক উদ্যোগের প্রতি সংহতি প্রকাশ করেন।মৌন মিছিল শেষে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর দেশে বিরাজমান অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক পরিস্থিতি নিরসনে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান। তিনি একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করারও ওপর গুরুত্বারোপ করেন।