চট্টগ্রামে বারকোড ও মেজ্জান হাইলে আইয়ুনকে ৪ লাখ টাকা জরিমানা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪০ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে চট্টগ্রাম মহানগরের বারকোড সুইটস অ্যান্ড কনফেকশনারী এবং মেজ্জান হাইলে আইয়ুন নামে দুটি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) পরিচালিত সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমে এ আদেশ দেন চট্টগ্রাম মহানগর বিশুদ্ধ খাদ্য আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা।

আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠান দুটি পরিদর্শনে পচা চিজ ও বাসি সাবুর দানা, মেয়াদোত্তীর্ণ কেক সংরক্ষণ, অস্বাস্থ্যকর পাত্রে দই উৎপাদন এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া মেজ্জান হাইলে আইয়ুনে ইঁদুরের উপস্থিতি ও ইঁদুরকে সবজি খেতে দেখা যায়। রক্তমাখা মাংস সংরক্ষণের বিষয়টিও উঠে আসে।

এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ও ৪০ ধারায় ৫৮ ধারার দণ্ডতফসিল অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে এক মাসের মধ্যে আদালতে সশরীরে উপস্থিত হয়ে প্রতিষ্ঠানের মানোন্নয়নসংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, বারকোড ফুড জাংশনে কিছু অসঙ্গতি পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে সংশোধনযোগ্য বিবেচনায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে সতর্ক করা হয়েছে।

অভিযান ও বিচারিক কার্যক্রমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি করপোরেশন, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, সিএমপি ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com