জয়পুরহাট জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। নির্বাচনে সভাপতি পদে শাহনুর রহমান শাহীন এবং সাধারণ সম্পাদক পদে গোলাম রব্বানী মুকুল নির্বাচিত হয়েছেন।

শনিবার ২৮ নভেম্বর ভোটগ্রহণ ও গণনা শেষে সন্ধ্যা সাতটার দিকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমান।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে শাহনুর রহমান শাহীন ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মোমিন ফকির পেয়েছেন ৯৪ ভোট। সাধারণ সম্পাদক পদে গোলাম রব্বানী মুকুল ১৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন; তাঁর প্রতিদ্বন্দ্বী সামসুল ইসলাম পেয়েছেন ৯৩ ভোট।

সহসভাপতি পদে খায়রুল আহসান সাখিদার (জুয়েল) ১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মাহফুজুর রহমান হেলাল পেয়েছেন ৮৬ ভোট। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাসানুজ্জামান নান্নু ও নিরীক্ষা সম্পাদক পদে নাজমুল ইসলাম জনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদের মধ্যে আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নূর ই আলম ছিদ্দিক ১৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন; তাঁর প্রতিদ্বন্দ্বী লুৎফর রহমান পেয়েছেন ৮২ ভোট। অর্থ সম্পাদক পদে শহিদুল ইসলাম-০৩ ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন; তাঁর প্রতিদ্বন্দ্বী নাসিমুস সাকালাইন টিটো পেয়েছেন ১০১ ভোট। 

গ্রন্থাগার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রুহুল আমিন ফারুক ১৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন; তাঁর প্রতিদ্বন্দ্বী মুনিকুজ্জামান হীরক পেয়েছেন ৮৬ ভোট।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন সাদত জামান প্রিন্স (১৭২ ভোট), ইতি খাতুন (১৬৮ ভোট) ও মাহমুদ হাসান ফিরোজ (১৪৮ ভোট)।

এ পদে অপর প্রার্থী শওকত আলী পেয়েছেন ১১৫ ভোট।

প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমান জানান, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

নবনির্বাচিত এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com