বেলফোর থেকে পেট্রোডলার: শতবর্ষের সমীকরণে জ্বলছে মধ্যপ্রাচ্য
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১১:২১ এএম
মোঃ মিলন শাহ, বিশেষ প্রতিনিধি :
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও অস্থিরতার পেছনে এক শতাব্দীরও বেশি পুরনো ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক সমীকরণ কাজ করছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। গাজা, লেবানন কিংবা ইয়েমেনের বর্তমান সংকটের মূলে রয়েছে উসমানীয় সাম্রাজ্যের পতন, ১৯১৭ সালের বেলফোর ঘোষণা এবং সত্তরের দশকের পেট্রোডলার ব্যবস্থা।
ঐতিহাসিক তথ্যমতে, উনবিংশ শতাব্দীর শেষে উসমানীয় সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ সাম্রাজ্যের ঋণ পরিশোধের বিনিময়ে ফিলিস্তিনে ইহুদি বসতি স্থাপনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তবে 'তরুণ তুর্কি' আন্দোলন ও প্রথম বিশ্বযুদ্ধে আরব অঞ্চলে ব্রিটিশ কূটনীতির ফলে উসমানীয় খিলাফতের পতন ঘটে।
এরপর ১৯১৭ সালে যুদ্ধকালীন ভূ-রাজনৈতিক স্বার্থ, রসায়নবিদ কাইম ওয়াইজম্যানের অবদান ও রথসচাইল্ড পরিবারের তৎপরতায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর ফিলিস্তিনে ইহুদিদের জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার সমর্থনে চিঠি দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হলোকাস্টের পর ইহুদি অভিবাসন বাড়লে ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়, যা ফিলিস্তিনিদের ইতিহাসে 'নাকবা' নামে পরিচিত।
অন্যদিকে, সত্তরের দশকে যুক্তরাষ্ট্র ও তেল উৎপাদনকারী আরব দেশগুলোর মধ্যে গড়ে ওঠা 'পেট্রোডলার' সমঝোতা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে নতুন মাত্রা যোগ করে। ডলারে তেল বিক্রি ও মার্কিন বন্ডে সেই অর্থ বিনিয়োগের ফলে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আধিপত্য সুসংহত হয়। সমালোচকদের মতে, এই অর্থনৈতিক শক্তির ওপর ভর করেই ওয়াশিংটন দীর্ঘদিন ধরে ইসরায়েলকে বিপুল সামরিক সহায়তা দিয়ে আসছে। আরব দেশগুলোর দাবি, নিজস্ব অর্থনৈতিক ও আঞ্চলিক নিরাপত্তার স্বার্থেই তারা এই নীতি গ্রহণ করেছিল।
বিশ্লেষকদের মতে, এক শতাব্দী আগের সেই ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন ছাড়া মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠা প্রায় অসম্ভব।