দক্ষিণ রাউজান কিন্ডারগার্টেন স্কুলে মা সমাবেশ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম

মিলন বৈদ্য শুভ, রাউজান (প্রতিনিধি):

চট্টগ্রামের রাউজানে দক্ষিণ রাউজান কিন্ডারগার্টেন স্কুলে উৎসবমুখর পরিবেশে মা সমাবেশ, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস পার্টি ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কম্পিউটার ল্যাব, ওয়াই-ফাই সংযোগ, সার্কিট ক্যামেরা (সিসিটিভি), আইসিটি ক্যাশ কাউন্টার এবং ক্ষুদে শিক্ষার্থীদের বিনোদনের জন্য শিশু কাননের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ, পবিত্র ত্রিপিটক পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. অমল বিন্দু মহাজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ রাউজান কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি সুজিত কুমার দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তিথি দাশ।

এতে উপস্থিত ছিলেন দক্ষিণ রাউজান কিন্ডারগার্টেন স্কুলের সাধারণ সম্পাদক ও পরিচালক সমীর চন্দ্র দে, প্রধান শিক্ষক টিপু কান্তি দাশ, অভিভাবক সদস্য সুজন দাশ, ওয়াই-ফাই উদ্বোধক ওসমান গণি রাতুল, আইসিটি ক্যাশ কাউন্টার উদ্বোধক মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ রাফি, অভিভাবক সদস্য প্রিয়া দাশ, কোহিনূর আকতার, সুপ্তা বড়ুয়া, পলি দে, সুধীর সেনসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশনা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে। এ ছাড়া পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস পার্টি, বিদায়ী শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ, বক্তব্য প্রদান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। একজন শিক্ষিত মা-ই পারেন একটি সুশিক্ষিত জাতি উপহার দিতে। তাই শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি পাঠদানের ক্ষেত্রে আনন্দময় ও বিনোদনমূলক পরিবেশ তৈরি করতে হবে। শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে উৎসাহিত করতে হবে। একই সঙ্গে অপ্রয়োজনীয় মোবাইল ফোন ব্যবহার থেকে শিশুদের বিরত রাখতে শিক্ষক ও অভিভাবকদের সচেতন ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

মা সমাবেশ, ক্লাস পার্টি, বিদায় অনুষ্ঠান এবং আধুনিক শিক্ষা উপকরণের উদ্বোধনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com