রংপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আল সুমন আব্দুল্লাহ গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি
রংপুরের গংগাচড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আল সুমন আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর ২০২৬) সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ আল সুমন আব্দুল্লাহ (৪৭) গংগাচড়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং গংগাচড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য। তিনি উপজেলার ভুটকা গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ মোজাম্মেল হক।
পুলিশ সূত্রে জানা গেছে, তাঁকে গংগাচড়া মডেল থানার মামলা নং-২৮, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৬(২)(ঈ), ৮, ৯(৩), ১০ ও ১২ ধারায় মামলাটি দায়ের করা হয়।
তবে মামলার অভিযোগের বিস্তারিত এবং গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।