পূর্বধলায় ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী শফিকুল ইসলাম সরকার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৪:১১ পিএম

মোঃ নজরুল ইসলাম : বিশেষ প্রতিনিধি 

নেত্রকোনার পূর্বধলা উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন শফিকুল ইসলাম সরকার।

রবিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাজহারুল আলম তালুকদার পেয়েছেন ২৭ ভোট। অন্য প্রার্থী মো. সাইফুল ইসলাম সুমন পেয়েছেন ১৯ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৪।

রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পূর্বধলা উপজেলা জেলা পরিষদ কাম-অডিটোরিয়ামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক পদে তিন প্রার্থীর মধ্যে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৮২ জন ভোটারের মধ্যে ৭৭ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এর আগে সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কাজী মুমিনুল ইসলাম মুন্না মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে এ পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকেন।

নির্বাচনে সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াছমিন মিতু নির্বাচন কমিশনার এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com