রহিম উল্লাহকে আটকের ঘটনায় দুঃখ প্রকাশ ওসির, ছাত্রশিবির নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম
উচমান গনি টেকনাফ কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে উপজেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক রহিম উল্লাহকে আটকের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দায়িত্বশীল ভূমিকা পালনের আশ্বাসও দিয়েছেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) দুপুর ৩টার দিকে গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে ওসি সাইফুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের টেকনাফ উপজেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় রহিম উল্লাহর আটকের ঘটনা এবং তাঁর সঙ্গে ঘটে যাওয়া পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এর আগে শনিবার (২৮ নভেম্বর) মাগরিবের পর টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রের দাবি, মিছিলে অংশ না নিয়ে নিজ বাড়িতে যাওয়ার পথে ওই এলাকায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক রহিম উল্লাহ। এ সময় তাঁকে আওয়ামী লীগের কর্মী সন্দেহে পুলিশ আটক করে। তাঁর সঙ্গে মারধরের ঘটনাও ঘটেছে বলে ছাত্রশিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
ঘটনার পর ছাত্রশিবিরের পক্ষ থেকে আটকের কারণ ও মারধরের অভিযোগের ব্যাখ্যা দাবি করা হয়। এ বিষয়ে টেকনাফ টুডের পক্ষ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে পুলিশ জানায়, আটক ব্যক্তির বিষয়ে তথ্য যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
রোববারের সাক্ষাতে ওসি সাইফুল ইসলাম গতকালের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের পক্ষ থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আশ্বাস দেন।
অন্যদিকে, ছাত্রশিবিরের নেতৃবৃন্দ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কক্সবাজার জেলা সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ পৌরসভার সভাপতি রবিউল আলম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শাহ কামাল শাফি, সেক্রেটারি রাশেদুল ইসলাম, অফিস সম্পাদক রহিম উল্লাহসহ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।