সোনারগাঁওয়ে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন না থাকার দায়ে দুটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও আনুষঙ্গিক বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ‘সোনারগাঁ মডার্ন ডায়াগনস্টিক সেন্টার’-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বৈধ এক্স-রে টেকনোলজিস্টের প্রয়োজনীয় নথিপত্র প্রদর্শন করতে না পারায় ‘নিরাময় ডায়াগনস্টিক সেন্টার’-কেও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত।

অভিযানে যৌথভাবে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল আহমেদ ভূঁইয়া।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কম্পিউটার অপারেটর আতাউর রহমান এবং সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com