নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে মধ্যরাতে বিভিন্ন এলাকা পরিদর্শনে এমপি আনোয়ারুল হক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম

রিপন কান্তি গুণ, নেত্রকোনা;

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, ঝটিকা মিছিল, অগ্নিসংযোগ, নাশকতামূলক কর্মকাণ্ড ও নৈরাজ্যের বিরুদ্ধে রাতভর মাঠে ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।

রাতের কনকনে শীত উপেক্ষা করে নির্জন সময়েও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এসময় তিনি যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যার যার এলাকার শান্তি-শৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। কোনো ধরনের উসকানি, অগ্নিসংযোগ কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া যাবে না। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নিয়ে যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের অপতৎপরতা বরদাশত করা হবে না। তবে আইন নিজের হাতে তুলে না নিয়ে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।

রাজনৈতিক অস্থিরতা কিংবা সহিংসতার আশঙ্কার মধ্যে রাতভর বিভিন্ন ইউনিয়নে সংসদ সদস্যের এই পরিদর্শনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে সতর্কতামূলক তৎপরতা দেখা যায়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com