শীতের পর্যটক বরণে নতুন সাজে গারো পাহাড়ের গজনী অবকাশ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১২ পিএম
তৌহিদুর রহমান শেরপুর -
শীতকালীন পর্যটন মৌসুমকে সামনে রেখে নতুন সাজে প্রস্তুত হচ্ছে শেরপুরের গারো পাহাড়ের গজনী অবকাশ কেন্দ্র। পর্যটকদের আগমন বাড়াতে গজনী অবকাশ কেন্দ্রজুড়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন, দোকানপাটের প্রস্তুতি এবং বিভিন্ন বিনোদনমূলক রাইড সংস্কারের কাজ। একই সঙ্গে দর্শনার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে জেলা প্রশাসন।
পাহাড়ি আঁকাবাঁকা পথ, সবুজে ঢাকা টিলা আর বনভূমির মনোরম দৃশ্য—সব মিলিয়ে প্রকৃতির এক অপূর্ব পরিবেশ গজনী অবকাশ কেন্দ্র। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এ পর্যটনকেন্দ্রটি প্রকৃতিপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বিশেষ করে শীত মৌসুমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণপিপাসুদের আগমনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
১৯৯৩ সালে প্রায় ৯০ একর পাহাড়ি ভূমিতে গড়ে ওঠে গজনী অবকাশ কেন্দ্র। সময়ের সঙ্গে এখানে যুক্ত হয়েছে নানা বিনোদনমূলক স্থাপনা ও আকর্ষণীয় আয়োজন। ঝুলন্ত সেতু, ক্যাবল কার, জিপলাইনিং, শিশু পার্ক, ফ্লাইওভার রেল রাইড, বৈদ্যুতিক নাগরদোলা, সুপার চেয়ার, মিনি চিড়িয়াখানা, সাইট ভিউ টাওয়ার, ভাসমান সেতু ও ওয়াটার কিংডমসহ রয়েছে বিভিন্ন ভাস্কর্য। এ ছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনযাত্রার পরিচয় তুলে ধরতে রয়েছে একটি জাদুঘর। এসব আয়োজনের কারণে পর্যটকদের কাছে দিন দিন আকর্ষণীয় হয়ে উঠছে গজনী।
একজন পর্যটক বলেন— শীত মৌসুমে দর্শনার্থীদের বাড়তি আনন্দ দিতে বিভিন্ন রাইড নতুন করে সাজানো হচ্ছে। কোথাও চলছে রং করার কাজ, কোথাও মেরামত ও সৌন্দর্যবর্ধন। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের বিনোদনের বিষয়টি বিবেচনায় নিয়ে নেওয়া হচ্ছে প্রস্তুতি। তবে পর্যটকদের জন্য নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি পর্যাপ্ত আবাসিক সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।
একজন স্থানীয় ব্যবসায়ী বলেন— শীত মৌসুম এলেই গজনী অবকাশ কেন্দ্রকে ঘিরে নতুন করে আশার আলো দেখেন স্থানীয় ব্যবসায়ীরা। পর্যটকদের আগমন সামনে রেখে দোকানপাট পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি নতুন পণ্য সংগ্রহ করছেন তাঁরা। রেস্তোরাঁ ব্যবসায়ীরাও সাশ্রয়ী মূল্যে মানসম্মত খাবার পরিবেশনের প্রস্তুতি নিচ্ছেন। পর্যটকদের উপস্থিতি বাড়লে ব্যবসা-বাণিজ্য ভালো হবে বলে প্রত্যাশা তাঁদের।
শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, শীতকালীন পর্যটন মৌসুমে গজনী অবকাশ কেন্দ্রে আগত দর্শনার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পর্যটকদের নির্বিঘ্নে ঘোরাফেরা এবং কেন্দ্রটির সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
শীতের মৌসুমে পাহাড় ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গজনীতে পর্যটকদের আগমন বাড়বে বলে প্রত্যাশা স্থানীয়দের। তাঁদের আশা, নিরাপদ পরিবেশ, মানসম্মত সেবা ও সাশ্রয়ী সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে পর্যটকদের পদচারণায় আবারও প্রাণচাঞ্চল্য ফিরবে গারো পাহাড়ের এই পর্যটনকেন্দ্রে। পাশাপাশি বাড়বে স্থানীয় মানুষের আয় ও কর্মসংস্থানের সুযোগ।