২২ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে দেশ ও সার্বভৌমত্ব রক্ষার শপথ

কলাপাড়ায় নৌবাহিনীর ৪৬৭ নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ নৌবাহিনীর ৪৬৭ নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২২ সপ্তাহের কঠোর ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ শেষে দেশের সমুদ্রসীমার নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের অঙ্গীকার করেন নবীন নাবিকরা।

রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টায় কলাপাড়ায় অবস্থিত বানৌজা শের-ই-বাংলা নৌঘাঁটির প্যারেড গ্রাউন্ডে নবীন নাবিক বি-২০২৬ ব্যাচের এ শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং নবীন নাবিকদের সালাম গ্রহণ করেন।

দীর্ঘ ২২ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে নবীন নাবিকরা সুসজ্জিত মার্চপাস্টে অংশ নেন। এ সময় তাঁদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন নৌবাহিনী প্রধান।

পরে প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বি-২০২৬ ব্যাচে পেশাগত ও সামগ্রিক বিষয়ে সর্বোচ্চ কৃতিত্ব অর্জন করে সেরা চৌকস নাবিক নির্বাচিত হন মো. সেজান মাহমুদ। তিনি লাভ করেন ‘নৌ-প্রধান পদক’। দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ অর্জন করেন মো. মুজাহিদুল ইসলাম। তৃতীয় স্থান অর্জন করে ‘শের-ই-বাংলা পদক’ লাভ করেন মো. শাকিল হাসান।

নবীন নাবিকদের এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে তাঁদের পেশাগত জীবনের নতুন অধ্যায় শুরু হলো।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com