কালীগঞ্জে দেশ বিরোধী নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম

আব্দুল মতিন খান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের দেশ বিরোধী ষড়যন্ত্র, কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা বিএনপি তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে।

শনিবার রাত থেকে উপজেলার মোক্তারপুর, জামালপুর, বাহাদুরসাদী, জাঙ্গালীয়া, বক্তারপুর, তুমলিয়া ও নাগরী ইউনিয়ন এবং কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ অবস্থান কর্মসূচী শুরু করে। সোমবার রাত পর্যন্ত এ অবস্থান কর্মসূচী অব্যাহত থাকবে।

শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস মোড়ে অবস্থান নিয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ সারাদেশের মতো কালীগঞ্জেও দেশ বিরোধী নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের এই নৈরাজ্য প্রতিহত করার জন্য দলমত সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

এসময় উপজেলা বিএনপির আহবায়ক সদস্য ফরিদ আহমেদ মৃধা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান, পৌর যুবদলের আহবায়ক কায়েস ইসলাম রনি, সদস্য সচিব রাশিদুল হাসান রিপন, পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম বিপ্লব, সদস্য সচিব ইমরান হোসেন সৈকত, সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব হিমেল খান, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, সাবেক সহ সভাপতি ইনজামামুল হক জাকির, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক পনির খন্দকার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফিক, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক পাপ্পু মীর, সাবেক সাধারণ সম্পাদক শওকত আকবরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

জাঙ্গালিয়া ইউনিয়নে ইউনিয়ন বিএনপি'র সভাপতি নেছার উদ্দিন নুহু ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা, বক্তারপুরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহমেদুল কবির নাইম, মোক্তারপুরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজনু শেখ, জামালপুরে ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ দেওয়ান, বাহাদুরসাদীতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলী মেম্বার, তুমলিয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজউদ্দিন সিরু মেম্বার ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আকন্দ, নাগরীতে ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম সরকারের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে পথসভা ও প্রতিবাদ মিছিলে অংশ নেয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com