গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে আজিজুল হত্যা: প্রধান আসামিদের একজন মশিউর গাজীপুরে গ্রেফতার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধের জেরে আজিজুল মিয়া হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মোঃ মশিউর রহমানকে (২৮) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় গাজীপুরের কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, গ্রেফতার মশিউর রহমান গাইবান্ধার সাদুল্লাপুর থানার ইসবপুর গ্রামের মোঃ জসিজল হকের ছেলে। তিনি এ হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আজিজুল মিয়ার পরিবারের সঙ্গে অভিযুক্তদের পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও স্থায়ী সমাধান হয়নি।

গত ১৪ অক্টোবর দুপুরে অভিযুক্তরা বিরোধপূর্ণ জমিতে একটি গোয়ালঘর নির্মাণের কাজ শুরু করলে আজিজুল মিয়া সেখানে যান। এ সময় অভিযুক্তরা তাকে গালিগালাজ শুরু করে। আজিজুল এর প্রতিবাদ করলে দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। স্বামীকে বাঁচাতে তার স্ত্রী শাপলা বেগম এগিয়ে এলে তাকেও মারধর, গুরুতর জখম ও শ্লীলতাহানির শিকার হতে হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় আজিজুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ অক্টোবর রাত ১০টা ৩৯ মিনিটে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী শাপলা বেগম বাদী হয়ে সাদুল্লাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি সাদুল্লাপুর থানার মামলা নম্বর-১৯।

এসআরবি জানায়, ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি-১৩ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় ২৮ নভেম্বর সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে সিপিসি-৩, এসআরবি-১৩, গাইবান্ধা এবং সিপিএসসি, এসআরবি-১, পোড়াবাড়ী, গাজীপুরের একটি যৌথ আভিযানিক দল গাজীপুরের কোনাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে মশিউর রহমানকে গ্রেফতার করে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com