ফ্যামিলি কার্ড কর্মসূচি: বেতগাড়ীতে খসড়া তালিকা যাচাইয়ে গণশুনানি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:১৩ পিএম

‎শফিকুজ্জামান সোহেল, ‎গঙ্গাচড়া,রংপুর প্রতিনিধি:

‎রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির উপকারভোগীদের প্রাথমিক খসড়া তালিকা যাচাইয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদ হলরুমে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

‎গণশুনানিতে খসড়া তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিদের তথ্য যাচাই, উপকারভোগী নির্বাচনের যৌক্তিকতা এবং তালিকায় সম্ভাব্য অসংগতি নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে তালিকার স্বচ্ছতা ও যথার্থতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করা হয়।

‎বেতগাড়ী ইউনিয়ন ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান শুনানি গ্রহণ করেন। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফ, ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রিপন, ইউনিয়ন পরিষদের সদস্যরা, বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও ইউনিয়ন সমাজকর্মী রবিউল আলমসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

‎প্রাপ্ত তথ্য অনুযায়ী, সংগৃহীত তথ্যের ভিত্তিতে বেতগাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ২৬৪ জন এবং ২ নম্বর ওয়ার্ডে মাত্র দুজনের নাম ফ্যামিলি কার্ডের প্রাথমিক খসড়া তালিকায় প্রকাশ করা হয়েছে। অন্যদের তথ্য সংগ্রহ ও যাচাই কার্যক্রম চলমান রয়েছে।

‎ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬-এর আওতায় প্রকৃত উপকারভোগী নির্বাচন এবং প্রাথমিক তালিকার স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এ গণশুনানির আয়োজন করা হয়। ইউনিয়নভিত্তিক নির্ধারিত সময়সূচির অংশ হিসেবে বেতগাড়ীতে এ কার্যক্রম সম্পন্ন হয়।

‎

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com