পঞ্চগড়ে নানা কর্মসূচিতে ঐতিহাসিক হানাদারমুক্ত দিবস উদ্‌যাপন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম

সঞ্জু বনিক সৌরভ জেলা প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড় | ২৯ নভেম্বর ২০২৬

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে পালিত হয়েছে ঐতিহাসিক হানাদারমুক্ত দিবস। মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ এবং বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতাকে স্মরণ করে দিনটি উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, বিশেষ দোয়া, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার (২৯ নভেম্বর) সকাল ১০টায় বধ্যভূমি চত্বরে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়ার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

পরে জেলার বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বধ্যভূমি চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ এবং সম্মুখসমরে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানাতে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসাঃ শুকুরিয়া পারভীন। এ ছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মির্জা হেলাল উদ্দিন, পুলিশ সুপার মোঃ আবু সায়েম, জেলা সিভিল সার্জন মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা এবং পঞ্চগড় জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিনিয়র অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুধীজন।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে পঞ্চগড়বাসীর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্যও তাঁরা সবার প্রতি আহ্বান জানান।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com